দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়া শহরের চেলোপাড়া এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা তৈরি এবং খাদ্য উৎপাদনে নিষিদ্ধ রাসায়নিক ব্যবহারের অভিযোগে একটি ফুচকা কারখানার মালিককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে বগুড়া সদরের চেলোপাড়া এলাকার নবাববাড়ি সড়কে অবস্থিত ‘মুন কাচ্চি অ্যান্ড মুন ফুচকা’ কারখানায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ। তিনি জানান, নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সাকিব হোসেনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, অভিযানে কারখানায় অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা তৈরি করতে দেখা যায়। ফুচকার ময়দার ডো তৈরির টেবিলে কুকুরের পায়ের ছাপ, কাদা ও ময়লার উপস্থিতি পাওয়া যায়। সেগুলো পরিষ্কার না করেই একই স্থানে খাদ্য প্রস্তুতের কাজ চলছিল।
এ ছাড়া খাদ্য উৎপাদনে নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার করা হচ্ছিল বলেও অভিযানে প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি কারখানার কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতার নিয়ম অনুসরণ করতে দেখা যায়নি।
অভিযানকালে অপরাধের বিষয়টি স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত আইন অনুযায়ী দণ্ডাদেশ দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার নির্ধারিত আইন ও বিধি-বিধান কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিযানে বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতা করে জেলা পুলিশের একটি দল।
এমএস/